উন্মাদনা দেখতে আর্জেন্টিনা থেকে ঢাকায় এলেন ড্যান লান্দে

0
আর্জেন্টিনার পতাকার সঙ্গে ছবি তোলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা (ডানে), আর্জেন্টাইন ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর এবং সাংস্কৃতিক দূত ড্যান লান্দে (বাঁ থেকে তৃতীয়) এবং তাঁর দল।। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পূর্ণ আলাদা হলেও ফুটবলের সূত্রে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে এক অদৃশ্য সেতু। সেই ভালোবাসার উৎস খুঁজতে এবং বিশ্বকাপের উন্মাদনা কাছ থেকে অনুভব করতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার পরিচিত মুখ, ভ্রমণ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ড্যান লান্দে (রুলো নামে পরিচিত)।

রোববার সকালে ঢাকায় আসেন ড্যান লান্দে ও তাঁর দল। সন্ধ্যায় তাঁরা প্রথম আলো কার্যালয় পরিদর্শনে আসেন, যেখানে তাঁদের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তাঁরা কার্যালয় ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ২৯ জুন পর্যন্ত তাঁদের বাংলাদেশে থাকার কথা রয়েছে।

সফরের উদ্দেশ্য

ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানিয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতেই এই সফর। বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেও এই সফর আয়োজন করা হয়েছে। দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ড্যান লান্দের সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ লান্দে

বিমানবন্দর থেকে শহরের পথে আসার সময় ভবনের ছাদে উড়তে থাকা আর্জেন্টিনার পতাকা দেখে বিস্মিত হন ড্যান লান্দে। প্রথম আলোকে তিনি বলেন, “বাংলাদেশ এই ভালোবাসার স্বীকৃতি পাওয়ার যোগ্য।” তিনি আরও বলেন, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের যে আবেগ, তা তাঁদের দেশের মানুষও পুরোপুরি কল্পনা করতে পারেন না। চলতি বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো বা কানাডার চেয়ে বাংলাদেশেই বিশ্বকাপের আবহ উপভোগ করার স্বপ্ন দেখেন তিনি।

সফরসূচি

সফরসূচি অনুযায়ী, লান্দে ও তাঁর দলের পুরান ঢাকার অলিগলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাজী মুহম্মদ মুহসীন হল, আমিনবাজার এবং মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে যাওয়ার কথা রয়েছে। সেখানে তাঁরা ফুটবল সমর্থক গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে সময় কাটাবেন। আগামী ২৪ জুন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের। এ ছাড়া ২২ ও ২৮ জুনের বিশ্বকাপ ম্যাচের দিনগুলোতে বাংলাদেশের ফুটবল সমর্থকদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখবেন তাঁরা এবং ম্যাচ ঘিরে জনসমাগম ও উদ্‌যাপন প্রত্যক্ষ করবেন।

২০২২ সাল থেকে শুরু পরিচিতি

২০২২ সালের ফিফা বিশ্বকাপের সময় বাংলাদেশে পরিচিতি পান ড্যান লান্দে। সে সময় তিনি আর্জেন্টিনায় বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণা চালান, যা দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক আগ্রহ ও বন্ধুত্বের নতুন মাত্রা যোগ করে।

ঢাকার আর্জেন্টিনা দূতাবাস মনে করছে, ফুটবলের টানে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য ও ক্রীড়াকূটনীতির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।