রেডিয়েন্ট দ্বিতীয় বিভাগ ক্রিকেটে যশোর বয়েজ ক্লাবের জয়লাভ

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগের  বৃহস্পতিবারের খেলায় জয়লাভ করেছে যশোর বয়েজ ক্লাব। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা কপোতাক্ষ ক্রীড়া চক্রকে ১ উইকেটে পরাজিত করে। খেলায় টসে হেরে প্রথমে কপোতাক্ষ ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ২৭ ওভার ৩ বলে ১৬১ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে আশিকুর রহমান ৪৪ ও রিফাত হোসেন ২২ রান করেন। যশোর বয়েজ ক্লাবের দেবু ৪টি, রবিউল ৩টি, শরিফুল ২টি ও ইবাদুল ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে দেবু ৪৯, শফিকুল ৩৫ ও রাব্বি ৩৪ রান সংগ্রহ করেন। কপোতাক্ষ ক্রীড়া চক্রের শিকদার জ্যোতি ও রিফাত ৩টি করে এবং আশরাফুল কবির ও তানভীর রেজা ১টি করে উইকেট লাভ করেন।