রুশ তেল কিনলে ৫০০ শতাংশ শুল্ক: ভারতসহ ৩ দেশের ওপর কঠোর ট্রাম্প

0
ভারত ও চীনের পণ্য আমদানিতে আকাশচুম্বী শুল্কের ঘোষণা; বড় ধরনের সংকটে পড়তে পারে এশীয় বাণিজ্য ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনার দায়ে ভারত, চীন ও ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সামরিক সক্ষমতা বা ‘যুদ্ধযন্ত্র’ পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই এই কঠোর অর্থনৈতিক ব্যবস্থার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

 

সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথাল কর্তৃক উত্থাপিত এই দ্বিপক্ষীয় বিলে ট্রাম্প প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে যেসব দেশ রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের কোষাগার সমৃদ্ধ করছে, তাদের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা ও আকাশচুম্বী শুল্ক আরোপ করতে পারবে হোয়াইট হাউজ। লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে কংগ্রেসে ভোটাভুটি হতে পারে।

বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক (রুশ তেল কেনার কারণে) দিচ্ছে। নতুন এই বিল পাস হলে সেই শুল্কের হার ৫০০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যা দেশগুলোর মধ্যকার বাণিজ্যে বড় ধরনের ধস নামাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত মস্কোকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার টেবিলে বাধ্য করতেই এই নীতি গ্রহণ করেছেন ট্রাম্প।