রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ঝিকরগাছায় যাত্রা বিরতির দাবিতে সংবাদ সম্মেলন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঢাকা-বেনাপোল রুপসী বাংলা এক্সপ্রেস ৮২৭/৮২৮ রেল ঝিকরগাছা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে ঝিকরগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস্ টুয়েন্টির’ আয়োজনে শনিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে ঝিকরগাছা স্টেশনে সবধরনের ট্রেনের যাত্রা বিরতি ছিল। একসময় সাতক্ষীরা থেকে শুরু করে চৌগাছা, মহেশপুর, কোটচাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে মালামাল নিয়ে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে পৌছাত। সেই মালামাল ঝিকরগাছা থেকে রেলযোগে কলকাতা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পৌছে যেত। বর্তমানে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার ফুল দেশের প্রায় সব জেলাতে যাচ্ছে। ফলে ঝিকরগাছা স্টেশনে রুপসী বাংলা এক্সপ্রেস যাত্রা বিরতি করলে সহজে সেই ফুল পৌছানো সম্ভব বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সাবেক সভাপতি ইয়াউর রহমান, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সদস্য শাহিন আহম্মেদ, রুহুল আমীন, শাহাদৎ হোসেন, হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিগণ।