রাস্তা বন্ধ করে যুব মহিলা লীগের সমাবেশ : মানুষের অন্তহীন দুর্ভোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা বন্ধ করে সমাবেশ করেছে যুব মহিলা লীগ। এতে প্রায় সারাদিন শহর জুড়ে যানজট ও কর্মব্যস্ত মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। পুলিশ তাদের নিবিঘ্নে সমাবেশ করার সুযোগ দিতে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়ায় মানুষের দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায়।
যুব মহিলা লীগ যশোর জেলা শাখা রোববার বিকেলে শহরের চিত্রা মোড়ে এই সমাবেশ করে। কিন্তু তার আগেই পুলিশ গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে রিকশা ইজিবাইক প্রবেশ বন্ধ করে দেয়। ফলে দড়াটানা-মুজিব সড়ক, গরিবশাহ সড়ক, হাসপাতাল এলাকা, মাইকপট্টি প্রভৃতি সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে।রিকশা ইজিবাইক ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে যায়। অথচ, এসব বাহনে রোগী, অফিসে যাতায়াতকারী লোকজনও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ছিলেন। মাঝপথে আটকে পড়ে তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ও সময় নষ্ট হয়েছে। পুলিশ যানজট নিরসনের চেয়ে বেশি উৎসাহী ছিলেন সমাবেশকে নির্বিঘ্নে নিরাপত্তা দেয়ার কাজে। এভাবে পুলিশি সহায়তায় রাজপথ দখল করে আওয়ামী লীগ প্রায়ই সভা সমাবেশ করে। অথচ বিএনপি জামায়াত বছরের পর বছর নিজ অফিসেও নিরাপদে সমাবেশ করতে পারছে না। উল্টো হামলা মামলার শিকার হচ্ছে। রোববার শহরের প্রতিটা মানুষের মুখে মুখে ছিল এসব কথা। জেলা মহিলা লীগের সভাপতি মঞ্জুনাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। বিশেষ অতিথি ছিলেন, যুব মহিলালীগের কেন্দ্রীয় সহসভাপতি কাজী তানবিন হক অরিন, সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার পলি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা আনু, কার্যনির্বাহী কমিটির সদস্য তামান্না পারভীন সুমি। জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম-সালমার সঞ্চালনায় জেলা, উপজেলা, পৌর কমিটির নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।