“রাসায়নিক অস্ত্র থেকে নজর সরাতে চাইছেন বাইডেন”

0

লোকসমাজ ডেস্ক॥ নিজেদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাসায়নিক ও জৈব অস্ত্র থেকে নজর সরাতে চাইছেন বাইডেন। রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সাময়িক সময়ের জন্য মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রই ইউক্রেনসহ বিভিন্ন দেশে রাসায়নিক ও জৈব অস্ত্রের প্রোগ্রাম পরিচালিত করছে। পেসকভ বলেন, বিশ্বের বহু মানুষ যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। ভবিষৎতে কি হবে বা কি ঘটতে যাচ্ছে তা এখনো বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি স্পষ্ট যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহারের চিন্তা করছে। এসময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া যদি এটি করে তবে তাদের কঠোর পশ্চিমা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এদিকে বৃহস্পতিবার (২৪ মার্চ) জি-৭ ও ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পাড়ি দেন বাইডেন। এরপর তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যান। দেশটির দক্ষিণ-পূর্ব শহর রেজেসজোতে অবস্থান করছেন বাইডেন। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।