রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী

0
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বাস্তবতা ও অবস্থান তুলে ধরছেন বাণিজ্যমন্ত্রী।। ছবি: সংগৃহীত

রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো আন্তর্জাতিক চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে চাইলেই তা ইচ্ছামতো বাতিল করা যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে।” তিনি স্পষ্টভাবে জানান যে, আন্তর্জাতিক চুক্তিগুলো দুই পক্ষের সমন্বয়ে এবং পারস্পরিক স্বার্থ বিবেচনা করেই গঠিত হয়। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুরু হওয়া সাম্প্রতিক একটি তদন্ত প্রক্রিয়া (ইনভেস্টিগেশন) প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলাদেশ এ বিষয়ে ইতোমধ্যেই ব্যাখ্যা চেয়েছে এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, বাংলাদেশে কোনো পণ্য উৎপাদনেই ‘ওভার ক্যাপাসিটি’ নেই এবং ‘ডাম্পিং’ করার অভিযোগও ভিত্তিহীন। বিশেষ করে তৈরি পোশাক খাত আন্তর্জাতিক কঠোর কমপ্লায়েন্স মেনে চলে, যেখানে শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের কোনো সুযোগ নেই।

চুক্তি সংশোধনের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, যদি কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থি হয়, তবে চুক্তির ভেতরেই তা পরিবর্তনের সুযোগ বা ‘সেলফ কারেক্টিং এলিমেন্ট’ রয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরকার সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।