রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি অর্থ বছরে ওষুধ সরবরাহ না হওয়ায় তীব্র ওষুধ সংকট সৃষ্টি হয়েছে। রোগীরা পাচ্ছেন না কাংখিত সেবা। গত তিনমাস ধরে সরকারিভাবে ওষুধ সরবরাহ না পাওয়ায় কর্মরত চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। বিশেষ করে ভর্তি হওয়া রোগীদের ভোগান্তি বেড়েছে। প্রান্তিক ও হতদরিদ্র রোগীরা পড়েছেন মহাবিপাকে। চিকিৎসাসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল জানান, এ উপজেলায় প্রায় দুই লাখ মানুষের বিপরীতে বছরে ইনডোর ও আউটডোরে ৭৫ হাজার থেকে ৭৬ হাজার মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। এরমধ্যে আউটডোরে প্রায় ৬০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসাসহ ওষুধ সরবরাহ করা হয়। ইনডোরে প্রায় ১৫/১৬ হাজার রোগীকে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। জনবল সংকট থাকলেও ওষুধ সরবরাহ কম থাকায় চিকিৎসা কিছুটা ব্যাহত হচ্ছে।
গত ২০২১-২০২২ অর্থ বছরে স্বাস্থ্য দপ্তর থেকে বাজেটের যে ওষুধ বরাদ্দ পাওয়া গেছে তা জুন ২০২২ পর্যন্ত চলমান ছিল। নতুন বাজেট বরাদ্দ না আসায় বর্তমানে ২০২২-র জুলাই থেকে আগস্ট মাস ধরে ওষুধ সংকট দেখা দেয়।
হাসপাতালে আসা আউটডোরের রোগী ফয়লাহাটের আসমা, তালবুনিয়া গ্রামের লাবনী ও বাইনতলার বাসিন্দা ইউনুস আলী জানান, হাসপাতালে এসে ডাক্তার দেখিয়েছেন। শুধু প্যারাসিটামল, অ্যান্টাসিড ও আয়রন ট্যাবলেট দিয়েছে।
এ বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কমিশনের সদস্য এমএ সবুর রানার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকারি হাসপাতালে যাওয়া রোগীরা যাতে ভোগান্তির শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি করতে হবে।