রামপালে রডের আঘাতে ব্যবসায়ী আহত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রডের আঘাতে মো. আসাদুজ্জামান (৪০) নামের এক মাছ ডিপো ব্যবসায়ী আহত হয়েছেন। আহত আসাদুজ্জামানকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
আহত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, উপজেলার উজলকুড় বাবুরহাট পাকার মোড়ে ভিকটিম ব্যবসায়ী আসাদুজ্জামান তার মাছের ডিপো খুলে রেখে পাশের চায়ের দোকানে যান। ওই সময় একই গ্রামের খোকন মলঙ্গী, তার দুই ছেলে পলাশ মলঙ্গী ও তারেক মলঙ্গী তাকে অকথ্য ভাষায় গালি দেন। এরপর প্রথমে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। ওই সময় প্রতিপক্ষরা তার ডিপোতে থাকা ৪০ হাজার ২৩০ টাকা লুটে নেন বলে অভিযোগ করেছেন ভিকটিম। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।