রামপালে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গেল ডিসেম্বর মাসে ৬৪০ মিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এ কেন্দ্রটি। এই সময়ের মধ্যে স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের মধ্যে প্রথম।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার কোম্পানিটি দেশের মোট ৫,৫৩১ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ১১.৫ শতাংশ সরবরাহ করেছে। যা টানা দ্বিতীয় মাসের মতো সাফল্যে রেকর্ড করেছে।

বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক জিএম তরিকুল ইসলাম জানান, জ্বালানি নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। গত দুই মাসে প্রায় ৮,০০,০০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটিতে প্রায় ২০০,০০০ টন কয়লার মজুদ রয়েছে। এ দিয়ে পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় নির্মিত মৈত্রী প্রকল্পটি আমদানি করা কয়লা ব্যবহার করে দক্ষতা বৃদ্ধি ও নির্গমন কমাতে অতি-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে। এর পরিবেশগত সুরক্ষার মধ্যে রয়েছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন ইউনিট, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, একটি ২৭৫-মিটার চিমনি, ক্লোজড-সাইকেল কুলিং ও একটি শূন্য-তরল-স্রাব ব্যবস্থা।