রামপালে ঘের দখল করে মাছ চাষের অভিযোগ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে বেড়িবাঁধ কেটে ঘের দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগেরহাটের আদালতে ভুক্তভোগী পারভীন বেগম একটি পিটিশন মামলা দায়ের করেছেন।

আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাকশ্রী বাজার এলাকার লোকমান মোল্লা ০.৫৭ একর জমি কিনে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে লোকমান মোল্লা বিদেশে যাওয়ার সময় তার বোন পারভীন বেগমকে জমি মাছের ও ঘের রক্ষণাবেক্ষণের জন্য আমমোক্তারনামা দেন। পারভীন ওই জমি দেখভাল করে আসছেন।

কিন্তু ওই জমি একই এলাকার বাসিন্দা বাচ্চু শেখ বেড়িবাঁধ কেটে মাছসহ ঘের দখল করে নেন। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয় বলে মামলার আর্জিতে উল্লেখ করেন পারভীন। এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু শেখ সকল অভিযোগ অস্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী জানান, ‘আমি তদন্ত শুরু করেছি। আরও অধিকতর তদন্ত করে রিপোর্ট দিবো।’