রামপালে কামাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কামাল শেখ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার মানিকনগর গ্রামের সরকারি রাস্তার ওপর এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে ভুক্তভোগী সেলিম ও রঞ্জিনা বেগমসহ অন্যরা জানান, মৃত দাউদ শেখের ছেলে কামাল শেখ বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার বিরুদ্ধে ভূমিদস্যুতা, মাদক কারবার, নিরিহ মানুষের ওপর অত্যাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা আরো জানান, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাশতলী ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া শেখ তন্ময়ের ক্যাডার ভিপি সোহেলকে নিমন্ত্রণ করে খাসি খাইয়ে জানান দিয়েছেন তিনি এমপি তম্ময়ের লোক। ইতোমধ্যে তিনি সোনাকুড় বাজারে থাকা দোকান ভেঙে ভুক্তভোগীদের উচ্ছেদ করেছেন। তার অত্যাচারের ভয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েন। যে কারণে প্রশাসনের হস্তক্ষেপ ও বিচারের দাবিতে ভুক্তভোগীসহ ২ শতাধিক গ্রামবাসী ও নারী -পুরুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে কামাল শেখ জানান, আমার পুরো নাম অ্যাডভোকেট মো. কামাল হোসেন। আমার বৈধ জমি রক্ষা করতে গেলে গত ১৫ নভেম্বর শুক্রবার তারা আমাকে হত্যার চেষ্টা করে। আমাকে গুরুতর আহত করে। আমি খুমেক হাসপাতালে ভর্তি। যেসব অভিযোগ করে মানববন্ধন করেছে তা আদৌ সত্যি না বলে তিনি দাবি করেন। বলেন, আওয়ামী লীগের লোকজন আত্মীয় হলে তারা কি আমার বাড়িতে আসতে পারবেন না?