রামপালে আমনের ক্ষতির আশংকা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ভারী বৃষ্টির কারণে উঠতি আমন ধানের ক্ষতির আশংকা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সারাদিন বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ আমনের ক্ষেতের ধান ন্যুইয়ে পড়েছে। খেতে পানি জমে ধানের শীষ তলিয়ে গেছে। কিছু কিছু এলাকার ধান ফলে বের হওয়ার মুহূর্তে বৃষ্টিপাতে ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
রামপাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৩০ টি আমন ধান চাষের ব্লক রয়েছে। এতে প্রায় ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে এক হাজার হেক্টর জমির আমন কাটা হয়েছে। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না।
রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপত হয়েছে। তবে এতে আমনের তেমন ক্ষতির আশংকা নেই। চাষিরা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করলে ধানের তেমন কোন ক্ষতি হবে না।
তিনি আরও বলেন, ১৯ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ১০ টি ইউনিয়নের স্ব স্ব ব্লকে পাঠানো হয়েছে। তারা কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন।