রামপালে অসহায় নিলুফার জমি দখলের চেষ্টার অভিযোগ

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের অসহায় নিলুফা বেগমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ আব্দুল্লাহ ইজারাদার জমি দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
উপজেলার পেড়িখালী গ্রামের মৃত নওশের আলী ইজারদারের মেয়ে নিলুফা বেগম পিতার দেয়া হেবার ১.২৬ একর জমির অংশিদার। যার মৌজা নং এসএ ৯২, খতিয়ান নং ৩৪১,৩৪২,৩৩৮ ও ৩৪৩, দাগ নং ডিপি ৫৪৩ দাগের ১.৭৫ একর জমির মধ্যে ১.২৬ একর জমি। ওই একই জমি তার বংশের অন্য শরীকরাও দাবি করেন। জমির মালিকানা বহালের জন্যে নিলুফা সসম্প্রতি বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত শুনানি শেষে উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা রক্ষা করে সহাবস্থানের নির্দেশ দেয়। ভুক্তভোগী নিলুফা বেগম অভিযোগ করেন, বিরোধী পক্ষ ওই নালিশি জমি দখলে নিতে বেড়া দিচ্ছেন। তিনি রামপাল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে আব্দুল্লাহ ইজারদার বলেন, নিলুফা কোন জমি পাবেন না। আমাদের বাপ- দাদার ভোগদখলীয় জমি দখলেই আছে। তিনি মামলা করে হেরেছেন। তার হেবা দলিলে চিহ্নিত দাগে আমরা যাইনি। তার পিতার জমি তার ভাইকে ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। এ জন্যে তার ভাই মোহাম্মদ আলী নিলুফার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি অহেতুক অভিযোগ করেছেন যা সত্যি না।