রামপালের বাজার বেসামাল সাধারণ মানুষের নাভিশ্বাস

0

 

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ ক্রেতা, মধ্যবিত্ত পরিবার ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আয়ের সাথে ব্যয়ের সংগতি না থাকায় হিসেব মেলাতে পারছেন তারা। চাল, ডাল, ভোজ্য তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। সরু চাল থেকে মোটা চাল কেজিতে ৬ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেকারি সামগ্রী থেকে শুরু করে সব কিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতি কেজি কাঁচা মরিচ ৩ শ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ৩৫টাকা, পটল ৪৫টাকা, কুমড়া ৪৫টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। দেশি মাছ রুই, কাতল, পার্শে, বেলে মাছসহ সব মাছের দাম বেড়েছে।
খুচরা ও পাইকারি বিক্রেতারা জানান, উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম বেড়েছে। ব্যবসায়ী নূর ইসলাম বলেন, তাদেরকে মোকাম থেকে বেশি দামে পণ্য কিনে সমন্বয় করে বিক্রি করতে হচ্ছে। একই কথা বলেন সদরের দোকানী নজরুল ইসলাম।
ক্রেতারা জানান, বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। রামপালের হাট বাজার গুলোতে কেউ মনিটরিং করেন বলে মনে হয় না।
উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম, এ সবুর রানা বলেন সরকারের বাজার ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। নজরদারি নেই। একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। এভাবে চললে মধ্যবিত্ত মানুষকে অভুক্ত থাকতে হবে। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি দাবী করেন যাতে মানুষের ভোগান্তি কমে।