রাতে যশোর শহরে পুলিশের তল্লাশি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। তদারকি করতে স্বয়ং সাদা পোশাকে মাঠে ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার পর শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পুলিশ যানবাহনে তল্লাশি শুরু করে। সন্দেহভাজন ব্যক্তিদেরও এ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। কোতয়ালি থানার পুলিশ, ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশ এই তল্লাশি অভিযানে অংশ নেয়। রাত ১১টার দিকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার কার্যক্রম দেখতে সাদা পোশাকে চলে আসেন।

এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ মাঠে রয়েছে। শুধু যশোর শহর নয়, নিরাপত্তা নিশ্চিত করতে পুরো জেলা জুড়ে পুলিশ কাজ করে যাচ্ছে।