রাজারহাট শ্মশান কমিটির সাবেক নেতাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর রাজারহাট শ্মশান কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পদাকসহ ৮ জনের বিরুদ্ধে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শ্মশান কমিটির বর্তমান সভাপতি রমেন কুমার পাল মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, রাজারহাট শ্মশান কমিটির সাবেক সভাপতি রতন কুমার পাল, সাধারণ সম্পাদক গৌর সাহা, কোষাধ্যক্ষ বিষ্ণু পদ সেন, পলাশ বিশ্বাস, সদেশ পাল, কৃষ্ণ পদ সাহা, প্রভাষ দাস ও রাজ কুমার অধিকারী।
মামলার বিবরণে জানা গেছে, আসামিরা শ্মশান কমিটির সাবেক কর্মকর্তা। এর মধ্যে আসামি গৌর সাহা দীর্ঘ ৩০ বছর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজারহাট মোড়ে শ্মশান অবস্থিত। খাস জমির উপর নির্মিত এই শ্মশান সংলগ্ন রাস্তার পাশে ৭ টি দোকান রয়েছে। ২০১৭ সাল থেকে ওই ৭টি দোকানের ভাড়ার টাকা আদায় করতেন আসামিরা। ভাড়াটিয়াদের কাছ থেকে জামানত হিসেবে ২ লাখ টাকা আদায় করেছেন তারা। এছাড়াও শ্মশানের গাছ বিক্রি করা টাকাও ছিলো তাদের কাছে। আসামিদের কমিটির মেয়াদকালে আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে উদ্বৃত্ত ছিলো ৭ লাখ ৫৬ হাজার টাকা। কিন্তু তারা এই টাকা বর্তমান কমিটির কাছে হস্তান্তর না করে আত্মসাৎ করেছেন। বারবার তাগাদা দেয়া হলেও তারা বর্তমান কমিটির কাছে টাকা হস্তান্তর করেননি। এ কারণে আদালতের আশ্রয় নিয়েছেন বর্তমান কমিটির সভাপতি রমেন কুমার পাল।