রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

0
জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্ন করতে রাজধানীর শেরেবাংলা নগর ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অধিবেশন চলাকালীন নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে আজ বুধবার রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে। আদেশে উল্লিখিত এলাকায় সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ক্ষতিকারক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন পুরোপুরি বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

ডিএমপি জানিয়েছে, সংসদ অধিবেশনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।