রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

0

মাগুরা সংবাদদাতা ॥  বুধবার সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার সাত মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন টিলা গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু খাতুন (৩৫) ও তার মেয়ে আনিসা।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন সেতু খাতুন। শিশুটিকে কোলে নেওয়া অবস্থায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। পরে পরিবারের লোকজন তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে ঝলসে যাওয়ার চিহ্ন ছিল। যা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।