যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়ন সংগ্রহ

0
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট থেকে অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র সংগ্রহ করছেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নিকট থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মান্নান এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট সাবু সাংবাদিকদের বলেন, “যশোর-৩ আসনের মাটি ও মানুষের নেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে সর্বস্তরের জনগণের যে সমর্থন দেখা যাচ্ছে, তা ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।” উল্লেখ্য, এই আসনটি বিএনপির জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং জননেতা তরিকুল ইসলামের উত্তরসূরি হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।