যশোর সেক্রেড হার্ট স্কুলের প্রবেশপথ বন্ধ না করার দাবি অভিভাবকদের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের প্রাচীন সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ না করার দাবি করেছেন অভিভাবকরা।সোমবার জেলা প্রশাসক আজাহরুল ইসলামের নিকট স্মারকলিপি দিয়ে এ দাবি করেন তারা।
স্মারকলিপিতে অভিভাবকরা উল্লেখ করেছেন, সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয় যশোর শহরের একটি ঐতিহ্যবাহী স্বনাম ধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৩ সাল থেকে প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু যুগের চাহিদা অনুযায়ী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় এবং চলাচলের উপযোগী রাস্তা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। ফলে ১৯৭৪ সালে তৎকালীন জেলা প্রশাসক সরকারি জমির কিছু অংশ বিদ্যালয়ে যাতায়াতের জন্য রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করেন। এ রাস্তাটি বন্ধ করা হতে পারে এমন তথ্য জানতে পেরে অভিভাবকরা এ স্মারকলিপি দিয়েছেন।
অভিভাবকরা জানান, বর্তমানে ওই রাস্তা দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক চলাচল করেন। বিদ্যালয়ের যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তাটি চালু রাখা প্রয়োজন। বিদ্যালয়টির বিকল্প গেইট থাকলেও সেটি ব্যস্ত সড়কের পাশে হওয়ায় খুবই বিপদজনক, ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচলের জন্য ব্যবহৃত রাস্তাটি বন্ধ না করার জোর দাবি জানা অভিভাবকবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগর, প্রিয়াংকা দাস, বিএম শামীমুল হক, শিহাব উদ্দিন, মশিয়ার রহমান প্রমুখ।