যশোর শহরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনী মসজিদ এলাকায় দুর্ধর্ষ ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা আবুল কালাম আজাদ (৩২) নামে এক মাংস ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তার খালা পিয়ারি বেগম জানিয়েছেন, এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল কালাম আজাদ বাজার থেকে বাসায় ফিরছিলেন। বেজপাড়া বিহারী কলোনী মসজিদের কাছে পৌঁছালে ৩ জন ছিনতাইকারী তাকে দাঁড়াতে বলে। তাদের কথায় কর্ণপাত না করায় ছিনতাইকারীরা এসে আবুল কালাম আজাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি আহত হন। এ সময় তার পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা, মূল্যবান একটি ফোন নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আবুল কালাম আজাদ শহরের বেজপাড়া তালতলা এলাকায় খোকন মোল্যার পুত্র। তিনি শহরের বড়বাজারে মাংসের ব্যবসা করেন।