যশোর শহরকে যানজটমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরকে যানজটমুক্ত ও চলাচলের পথ সুগম করতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের দড়াটানা, মুজিব সড়ক ও এইচএমএম রোডে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়কের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান ও ফুটপাতের ওপর স্থাপিত শতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় এক্সকাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে অবৈধ দোকানপাটের কাঠামো ও বর্ধিত অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল, যা পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছিল। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। যানজট নিরসনে পৌরসভার এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানকালে আরও উপস্থিত ছিলেন পৌরসভার পরিচ্ছন্ন শাখার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন ও মনিরুল ইসলাম প্রমুখ।