যশোর রেল জংশনের উন্নয়ন ও প্রভাতী ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর থেকে প্রভাতী ট্রেন চালু, যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার উন্নয়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে শেড (ছাউনি) নির্মাণের দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’।

রোববার (৯ আগস্ট) যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টারের মাধ্যমে মহাপরিচালক বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, যশোরসহ এ অঞ্চলের মানুষের রেল যোগাযোগের মূল কেন্দ্রবিন্দু এই জংশন। এখান থেকে ঢাকা, রাজশাহী, উত্তরাঞ্চল, সিলেট ও চট্টগ্রামসহ সারা দেশে ট্রেন যাতায়াত করে। পাশাপাশি বেনাপোল ও কলকাতা থেকে আগত বিদেশি যাত্রীদের রাজধানী ঢাকায় পৌঁছানোর অন্যতম প্রধান মাধ্যম এটি। তবে গুরুত্বপূর্ণ এই জংশনটিতে যাত্রী সুবিধা চরমভাবে ব্যাহত হচ্ছে।

সংগ্রাম কমিটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে প্রভাতী ট্রেন চালুসহ ৫ দফা দাবিতে আন্দোলন চলছে। পূর্বে রেলওয়ের পক্ষ থেকে কোচ প্রাপ্তি সাপেক্ষে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকার অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

এমতাবস্থায় যশোরবাসীর দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে জংশনের অবকাঠামোগত উন্নয়ন, বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নির্মাণের জোর দাবি জানানো হয়।

যশোরবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কাওসার আলী এবং সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন।