সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার

0
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন হককে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।। ছবি: সংগৃহীত

ঢালিউডের অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্র অঙ্গনের পরিচিত খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল বিমানবন্দরে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করার পর সিআইডির একটি দল তাঁকে নিয়ে যায়। মূলত সিআইডি সালমান শাহ হত্যা মামলাটি তদন্ত করছে এবং সেই মামলার অংশ হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন জানান, ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শাহজালাল বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করার পর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক পরিস্থিতিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর গত বছর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও খল অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বর্তমানে সিআইডি এই আলোচিত হত্যা মামলাটি তদন্ত করছে। আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট তারিখ ধার্য রয়েছে।