যশোর-বেনাপোল সড়কে পিকআপের ধাক্কায় বাসের হেলপার নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি ধাক্কায় হানিফ (৩০) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার হানিফ যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মৃত মশিয়ার রহমানের পুত্র। নিহতের বড় ভাই ফারুক হোসেন জানিয়েছেন, হানিফ বাসের হেলপার। রোববার দুপুর পৌনে ১টার দিকে যশোর থেকে যাত্রী নিয়ে হানিফ বেনাপোল যাচ্ছিল। পথের মাঝে গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হেলপার হানিফ রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। এ সময় হানিফকে রাস্তার ওপর ফেলে রেখে বাস ও পিকআপ গন্তব্যস্থলে চলে যায়। পরে সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করার পর দুপুর দেড়টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে । হাসপাতালে ভর্তি করার পর দুপুর আড়াইটার দিকে হানিফের মৃত্যু হয়। নিহতের ভাই ফারুক হোসেন জানিয়েছেন, সাথে সাথে বাসের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে হয়তো বেঁচে যেত। কিন্তু তাকে উদ্ধার না করে রাস্তায় ফেলে রেখে বাস ও পিকআপ চলে গেছে।