যশোর পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ।। পৌরবাসীকে কাঙ্খিত নাগরিক সেবা প্রদানের উদাত্ত আহŸান জানিয়েছেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। গতকাল যশোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। তিনি বলেন পৌরসভা একটি নাগরিক সেবা প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের পৌরবাসীদের সর্বোচ্চ সেবা দিতে হবে। সেবার মানসিকতা তৈরি করতে আগে নিজেদের বদলাতে হবে। ।

পৌর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, গত দু-মাসে দেশের সকল ক্ষেত্রে পরিবর্তন এসেছে। এখন থেকে নতুন উদ্যমে যশোর উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। বিভিন্ন খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাতে হবে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, খাল সংস্কার, রাস্তা ঘাট সংস্কার, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়লা আবর্জনা নিষ্কাশনে সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, এমনভাবে ড্রেন পরিস্কারের দরকার নেই। যেখানে ড্রেন পরিস্কারের পর ময়লা রাস্তার ওপর ফেলে রেখে পরিবেশ নষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এক সাথে সকল এলাকার কাজ করার দরকার নেই। একেক এলাকার শেষ করার পর অন্য এলাকার কাজে হাত দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হোসেন, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী বি.এম কামাল আহমেদ, সহকারি প্রকৌশলী শিকদার মোখলেছুর রহমান, হিসাবরক্ষণ প্রকৌশলী রবীন্দ্রনাথ রাহা, সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার, গণপূর্ত কর্তকর্তা মোখলেসুর রহমান প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক পৌরসভার পক্ষকালব্যাপী মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সকাল ৯টায় এ অভিযানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।