যশোর পুলিশ নিখোঁজ ৯ জনসহ উদ্ধার করলো ফোনসেট-টাকা

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ৪৯টি হারানো মোাবাইল সেট উদ্ধারের পাশাপাশি হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া ৯জনকে উদ্ধার করেছে। এছাড়া ভুল করে বিকাশের মাধ্যমে অন্যের কাছে চলে যাওয়া প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। এ সময় ৪ জনকে আটকের পাশাপাশি হ্যাকিং করা ১০জনের ফেসবুক আইড পুনরুদ্ধার করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এই তথ্য জানানো হয়। একই সাথে মোবাইল ফোনসেট মালিকদের কাছে সেটগুলি হস্তান্তর করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ফোনের জন্যে করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে এসব মোবাইল তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো মোবাইল পেয়ে খুশি মালিকরা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মুকিত সরকার আরো জানান, জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারানো ৪৯টি মোবাইল, নগদ-বিকাশে পাঠানো৭৮ হাজার ৯৭০ টাকা উদ্ধার, ১০টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, যশোরের কেশবপুর থেকে দুইজন, মণিরামপুর থেকে একজন, সদর থানা থেকে দুইজন, অভয়নগর থানা থেকে তিনজন এবং বাঘারপাড়া থেকে একজন নিখোঁজ হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। সেই সূত্রে গত জুলাইয়ে ৯জনকে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে যুক্ত ৪জনকে আটকও করা হয়েছে।