যশোর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ১৩ জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক।

আটক হলেন, শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার মৃত আনিচুর রহমানের ছেলে হুমায়ুন কবির, বিশ্বাস পাড়ার মৃত আশরাফ আলী বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম, সদর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন, উপশহর ১ নম্বর সেক্টর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শাহিন, ভাতুড়িয়া বাজার এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আতিয়ার রহমান, করিচিয়া গ্রামের মৃত শাহাদত বিশ্বাসের ছেলে ফিরোজ হোসেন, মনোহরপুর গ্রামের মোকাম আলী মোল্লার ছেলে শরিফুল মোল্লা, কিসমত রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মনিরুল ইসলাম, রামনগরের ইব্রাহিম খলিলের ছেলে ওসামা বিন ইব্রাহিম, গাইদগাছি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, হাটবিলা জামতলা এলাকার মৃত তাইজুলের ছেলে রওশন আলী ও আব্দুলপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আনিছুর রহমান।

পুলিশ জানায়, বুধবার আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের একদিন আগে গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের একটি মিছিল থেকে সন্ত্রাসীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এম এ গফুর কোতয়ালি থানায় একটি মামলা করেন।