যশোর জেনারেল হাসপাতাল চোর-প্রতারক বেপরোয়া আরো এক নারীর টাকা চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ছুটু বিবি (৫০) নামে এক নারী তার এক হাজার ৮শ টাকা খুইয়েছেন। গতকাল দুপুরে হাসপাতালের এক্স-রে বিভাগে এ ঘটনা ঘটে। ছুটুবিবির বাড়ি যশোর সদর উপজেলা নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর গ্রামে। গত ৩ মাসে এ ধরনের ৫টি ঘটনা ঘটেছে হাসপাতালে।
সূত্র জানিয়েছেন, হাতের সমস্যা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে তিনি চিকিৎসা নিতে আসেন। টিকিট নিয়ে তিনি ৪/৬ নং কক্ষে চিকিৎসা নেন। কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ মো, তছদিকুর রহমান খান কাফি তাকে এক্সরে করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ছুটুবিবি হাসপাতালের এক্সরে বিভাগের কাউন্টারে টাকা দেয়ার জন্য ভীড়ের ভেতর দাঁড়িয়েছিলেন। এ সময় তার কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগের চেইন খুলে ১ হাজার ৮শ টাকা নিয়ে এক চোর পালিয়ে যায়। তার পাশে ছিলেন শার্শার ইকবাল হোসেন নামে এক মাইক্রো চালক। ছুটুবিবি টাকা খোয়া যাওয়ার ঘটনায় ইকবাল হোসেনকে সন্দেহ করেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে ইকবাল হোসেনকে চোর বলে শনাক্ত করেন। তখন সেখানে পুলিশের এএসআই দু’জনকে এক জায়গায় করে তাদের উভয়ের বক্তব্য শুনেন। ইকবাল হোসেন মহিলার ব্যাগ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। ঘটনা প্রমাণ করতে না পারায় ইকবাল হোসেনকে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, গত ৩ মাস যাবত যশোর ২৫০ শয্যা হাসপাতালে অজ্ঞান পার্টির সদস্য ও চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে নারী রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে এসব দুর্বৃত্তরা কাউকে অজ্ঞান করার পর সর্বস্ব লুট করে নিচ্ছে। আবার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন চুরি করে নিচ্ছে। গত ৩ মাসে এ হাসপাতালে এমন ৫টি ঘটনা ঘটেছে। এসব চোর ও অজ্ঞান পার্টির সদস্যদের টার্গেট, মহিলারা সচেতন না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।