ধর্ম অবমাননার অভিযোগ: হাসপাতালে চিকিৎসাধীন যুবককে দ্বিতীয় দফায় পিটিয়ে মারল বিক্ষুব্ধ জনতা

0
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি ও বিষপানের পর হাসপাতালে ভর্তি ওহিদুজ্জামান শামীম নামে এক যুবককে পুনরায় পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।। প্রতীকী ছবি: সংগৃহীত

হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় পিটুনিতে যুবক নিহত। সাতক্ষীরার দেবহাটা এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার হওয়া ওহিদুজ্জামান শামীম নামে এই যুবকের মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এর আগে তিনি জনরোষের মুখে বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একদল বিক্ষুব্ধ ব্যক্তি ঢুকে দ্বিতীয় দফায় তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

নিহত শামীম দেবহাটা উপজেলার ছোট শান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে দুপুরে উপজেলার সখীপুর এলাকায় শামীমকে পেয়ে কয়েকজন ব্যক্তি মারধর করেন। একপর্যায়ে আক্রান্ত শামীম নিজ বাড়িতে গিয়ে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তীতে রাত ৯টার দিকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে একদল বিক্ষুব্ধ ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে চিকিৎসাধীন শামীমকে আবারও মারধর করেন। হাসপাতালে দ্বিতীয় দফায় হামলার কারণে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিস্তারিত জানিয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, পুলিশ প্রথমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিল। তবে পরবর্তীতে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।