যশোর জেনারেল হাসপাতালে অনাকাঙ্খিত ঘটনার মীমাংসা

0

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের মধ্যস্থতায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সাংবাদিকদের সাথে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার মীমাংসা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে যশোর সার্কিট হাউস মিলনায়তনে যশোরের সাংবাদিক ও চিকিৎসক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মীমাংসা হয়।
এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাংবাদিকদের পেশাগত মর্যাদার বিষয়টি খেয়াল রেখে তাদের সাথে আচরণে সতর্ক হওয়ার জন্যে চিকিৎসকসহ সকল পেশাজীবীর প্রতি আহবান জানান। একই সাথে তিনি যশোরের স্বাস্থ্য বিভাগসহ সার্বিক উন্নয়নে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান।
সভায় ভবিষ্যতে সংবাদ সংগ্রহের সময় মিডিয়া কর্মীদের সাথে চিকিৎসকদের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্যে হাসপাতাল কর্তৃপক্ষকে একটি মিডিয়া সেল গঠনেরও অনুরোধ জানান প্রতিমন্ত্রী। এ সময় তাৎক্ষণিক তিন সদস্যের মিডিয়া সেল গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, বিএমএ সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম, ডেপুটি সিভিল ডা. মো. নাজমুস সাদিক, জেলা স্বাচিপের সদস্য সচিব ডা. মো. গোলাম মোর্ত্তজা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবির রিটন, সদস্য সচিব শিকদার খালিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক এম আর খান মিলনসহ প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
গত রোববার পেশাগত দায়িত্বপালনকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক যশোরের ৩জন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন। এ ঘটনায় যশোরের সাংবাদিকদের ৭ টি সংগঠন আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।