যশোর জেনারেল হাসপাতালে অভিযান ৬ জনকে আটক ও দোকান উচ্ছেদ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে গতকাল দুপুরে পুলিশ ওষুধ কোম্পানির ৬ প্রতিনিধি ও ২ দালালকে আটক করেছে। একই সময় প্রধান গেটের পাশ থেকে ৬টি দোকান উচ্ছে করা হয়। রাতে এ রিপোর্ট লেখার সময় আটককৃতরা থানা হেফাজতে ছিল। এ সময় তাদের মুক্তির দাবিতে প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সদস্যরা কোতয়ালী থানার সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। দুপুরে এসআই মোঃ হুমায়ুন আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, আটককৃত ৮ জনকে তাৎক্ষণিকভাবে থানায় নেয়া হয়। তাদের মধ্যে ৬ জন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং ২ জন দালাল। তবে তিনি আটককৃতদের নাম জানাতে পারেননি। এদিকে দোকান উচ্ছেদের পর মালিকরা পুলিশের উপস্থিতিতে তাদের মালামাল নিয়ে যায়। দীর্ঘদিন ধরে প্রধান গেটের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে তারা ব্যবসা করে আসছিল।
এদিকে হাসপাতাল চত্ত্বরে টিকিট কাউন্টারের জরুরি বিভাগ এবং ওয়ার্ডে ছিল দালালের অপতৎপরতা। নানা কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও চিকিৎসাপত্র নিয়ে রোগীদের বিরক্ত করে। এ অবস্থায় হাসপাতালের পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে।
এ অবস্থায় তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হারুন-অর-রশীদ কয়েক সপ্তাহ আগে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অবৈধ দোকান স্থায়ীভাবে উচ্ছেদ এবং হাসপাতাল দালালমুক্ত করার অনুরোধ জানিয়ে চিঠি দেন। বিষয়টি নিয়ে গত রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক গতকাল অভিযান চালানো হয়।