যশোর ক্রীড়াঙ্গনের পরিচিতমুখ দিলিপ কুমার পরোলোকে

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম তথা ক্রীড়াঙ্গনের অতি পরিচিতি মুখ
জেলা ক্রীড়া সংস্থার অফিস সহায়ক দিলীপ কুমার কর্মকার আর নেই। রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি পরোলোকগমন করেন। ওই রাতে তিনি শহরের বেজপাড়া গয়ারাম সড়কের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে পরলোকগমন করেন। তার বয়স ছিল ৫২ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর শুনে বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সহকর্মীরা তার বাড়িতে ছুটে যান। বেলা সাড়ে ১২টার দিকে দিলীপের মরদেহ আনা হয় জেলা ক্রীড়া সংস্থায়। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন জেলার ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীবৃন্দ এবং স্কাইল্যাব ক্লাবের কর্মকর্তারা। দুপুর দেড়টায় নীলগঞ্জ মহাশশ্মানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

১৯৮০ সালে জেলা ক্রীড়া সংস্থায় কর্মচারী হিসেবে কাজে যোগদান করেন দিলীপ কুমার কর্মকার। ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সহায়ক। কাজের ক্ষেত্রে ছিলেন বিনয়ী ও নিষ্ঠাবান।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, মোহাম্মদ শফিকউজ্জামান, মারুফুল ইসলাম, ক্রীড়া সংগঠক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, মাহতাব নাসির পলাশ, শহিদ আহমেদ, সোহেল মাসুদ হাসান টিটো, এ, এফ, এম মঈনুদ্দীন রোম প্রমুখ।