যশোর কোতয়ালি থানায় তিন জনের বিরুদ্ধে মামলা: অস্ত্র-বোমাসহ আটক আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মীর রিমান্ড আবেদন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ আটক হেলাল উদ্দিনের (২৭) বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছে পুলিশ। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার কর্মী। মামলায় তাকে ছাড়া আরও ২ জনকে আসামি করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইনে গত বুধবার সন্ধ্যায় মামলাটি করেন কোতয়ালি থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম। আসামিরা হলেন-সদর উপজেলার ঝাউদিয়া কারিকরপাড়ার জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন, মৃত সাখাওয়াত হোসেনের ছেলে বাদল হোসেন ও বিরামপুরের মৃত জলিল ড্রাইভারের ছেলে লিটন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম জানান, বৃহস্পতিবার আটক হেলাল উদ্দিনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক আসামি হেলাল উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে তারা বিরামপুর-পাগলাদহ সড়কের মান্দারতলা ব্রিজের পাশের জনৈক জামালের চায়ের দোকানের সামনে থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১টি ওয়ান শ্যুটারগান, ৫টি অবিস্ফোরিত ককটেল ও একটি বাজাজ পালসার (যশোর-হ-১৭-৯২৭২) মোটরসাইকেলসহ হেলাল উদ্দিনকে আটক করেন। আগ্নেয়াস্ত্র ও ককটেল তার কাছে থাকা একটি স্কুলব্যাগের ভেতর ছিলো। অভিযানের সময় আরেকটি মোটরসাইকেলে করে অপর দুই আসামি কৌশলে পালিয়ে যায়। তবে এলাকাবাসী জানিয়েছেন, হেলাল উদ্দিন সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন স্বীকার করেন যে, তিনি চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক গোলাম মোস্তফার কর্মী। আসন্ন নির্বাচনে চুড়ামনকাটিতে ব্যবহার করতে তিনি অস্ত্র ও বোমা সেখানে নিয়ে যাচ্ছিলেন।