সাভারে মসজিদের মাঠে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ

0
ঢাকার সাভারে একটি মসজিদের খোলা মাঠে পাওয়া কালো স্কচটেপে প্যাঁচানো প্রেশার কুকার। আজ সকালে উপজেলার সাধাপুর এলাকায় ।। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় এক মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটিকে বোমা সন্দেহে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ দূরত্বে রেখে স্থানটি ঘিরে ফেলেছে পুলিশ। সেই সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঢাকা থেকে দ্রুত বোম্ব ডিসপোজাল বা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে হঠাৎ একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে কৌতুহলবশত গ্রামবাসী এগিয়ে গিয়ে ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি সন্দেহভাজন প্রেশার কুকার দেখতে পান। পরে তাঁরা সাবধানে ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মাঠের এক কোণে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পাওয়ার পর বুধবার সকাল আনুমানিক আটটার দিকে ভবানীপুর পুলিশ ক্যাম্পের পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বস্তুটি বোমাসদৃশ হওয়ায় নিরাপত্তা জোরদার করে পুরো মাঠ কর্ডন বা ঘিরে ফেলা হয়, যাতে সাধারণ মানুষ কাছে যেতে না পারে।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান হোসেন জানান, প্রাথমিকভাবে পরিত্যক্ত বস্তুটি বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ টিমকে খবর দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় তিনজন ব্যক্তি প্লাস্টিকের নীল ড্রামটি মসজিদের মাঠে ফেলে রেখে সটকে পড়েন।