দৃষ্টিনন্দন সাজ, যশোর কেন্দ্রীয় ঈদগাহ প্রস্তুত, পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুধবার দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে যশোরে দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ। পৌরসভার উদ্যোগে বিশাল ঈদগাহ মাঠজুড়ে ত্রিপলের ছাউনি, বাঁশের খুঁটিতে সাদা কাপড়ের মোড়ক এবং প্রবেশপথ থেকে ইমামের খুতবার মিনার পর্যন্ত ফুল ও নান্দনিক সাজসজ্জায় পরিপাটি করা হয়েছে পুরো এলাকা। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে, যা ইতোমধ্যে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুধবার দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। সাজানো-গোছানো ঈদগাহ ময়দান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

যশোর কেন্দ্রীয় ঈদগাহ প্রস্তুত
যশোর কেন্দ্রীয় গাহের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি- লোকসমাজক

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ঈদের দিন মুসল্লিদের যেন নামাজ আদায়ে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কম থাকলেও ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টরা প্রস্তুত রয়েছে।

ঈদগাহ মাঠে যাতে পানি না জমে, সে জন্য পৌরসভা ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দুপুর ২টার মধ্যে নির্ধারিত ডাস্টবিন বা পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে বিকেল ৪টার মধ্যে তা অপসারণ করা সহজ হবে। তবে ৪টার পর বর্জ্য ফেললে তা দ্রুত পরিষ্কার করা পৌরসভার পক্ষে সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।