ঝিনাইদহে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মা-ছেলেসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় মা-ছেলেসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ডোপ টেস্ট প্রতিবেদনের সত্যতার ভিত্তিতে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ পৌরসভার হামদহ পাওয়ারহাউজ পাড়ার জাহাঙ্গীর আলম মিন্টুর স্ত্রী জলি খাতুন (৪৩), তার ছেলে আরিফ রহমান নিশান এবং একই এলাকার হামদহ শেখপাড়ার জামাল মিয়ার ছেলে মুক্ত (৪০)।

আদালতের সূত্র অনুযায়ী, অভিযুক্ত জলি খাতুনকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার ছেলে আরিফ রহমান নিশানকে ৪ মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর আসামি মুক্তকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রথিন্দ্র নাথ পোদ্দার জানান, ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মাদকের কারবার ও সেবনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জলি খাতুনকে আটক করা হয়।

পরবর্তীতে তার মাদক সেবনের সত্যতা যাচাইয়ে ডোপ টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। একইভাবে আটক হওয়া আরিফ রহমান নিশান ও মুক্তকে ডোপ টেস্ট করানো হলে তাদের শরীরেও মাদক সেবনের প্রমাণ মেলে। এই প্যাথলজিক্যাল তথ্য-প্রমাণের ভিত্তিতে ডিবি পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করলে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা ঘোষণা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ডোপ টেস্টে সুনির্দিষ্ট প্রমাণ মেলায় আদালত আসামিদের দণ্ড দিয়েছেন।