যশোরে সাংবাদিক পরিচয়ে বেকারি মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাংবাদিক পরিচয়ে বেকারি মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে প্রিন্স মাহমুদ (২৯) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার বিকেলে সদর উপজেলার হাটবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক প্রিন্স মাহমুদ বসুন্দিয়ার আব্দুল জলিল বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন বেকারি মালিক রফিকুল ইসলাম।

সদর উপজেলার কৈখালী গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে বর্তমানে রূপদিয়া জামতলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের অভিযোগ, হাটবিলা সাঈদ সেন্টার ইটের ভাটার পাশে তার নিজস্ব রুটি ও বিস্কুট তৈরির কারখানা রয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে প্রিন্স মাহমুদ নামে ওই যুবকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার বেকারি কারখানায় যান। তারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

এ সময় তিনি কারখানায় ছিলেন না। এ কারণে কারখানার মিস্ত্রি শফিকুল ইসলামের মোবাইল ফোন দিয়ে তাকে কল দিয়ে তারা বলেন, আপনার কারখানায় মাছি ও মশা পড়ে আছে। আমরা আপনার কারখানার কিছু ছবি তুলে রেখেছি। আমাদের কিছু টাকা দিতে হবে। টাকা না দিলে আপনার কারখানার ছবি টিএনও স্যারের কাছে পাঠিয়ে দেবো।

এ কথা শোনার পর তিনি তাদেরকে পরে আসতে বলেন। এরপর বিকেলে তারা কারখানায় এসে তার কাছে চাঁদা দাবি করেন। তখন তিনি তাদের কাছে সাংবাদিকের পরিচয়পত্র দেখাতে বললে তারা ব্যর্থ হন। এক পর্যায়ে তারা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। এরই মধ্যে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে প্রিন্স মাহমুদ নামে এক যুবককে হাতেনাতে আটক করেন। অন্যরা কৌশলে পালিয়ে যান। পরে আটক প্রিন্স মাহমুদকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।