যশোরে ৭ মামলার আসামিসহ দুই জন আটক,গাঁজা জব্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৭ মামলার আসামি তৌহিদুল ইসলাম ভোলাসহ (২৭) দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা জব্দ করা হয়েছে।
আটক তৌহিদুল ইসলাম ভোলা শহরের রেলগেট কয়লাপট্টির আব্দুস সামাদ ওরফে গাছি সামাদের ছেলে। অপর আটকের নাম আব্দুল্লাহ আল মামুন (২৪)। তিনি সদর উপজেলার তেঁতুলিয়া পূর্ব পাড়ার আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ২টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই এস এম তরিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তফসীডাঙ্গা গ্রামের জনৈক শাহাদৎ হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ৩শ গ্রাম গাঁজাসহ উল্লিখিত দুই জনকে আটক করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সূত্র জানায়, আটক তৌহিদুল ইসলাম ভোলার বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।