যশোরে ২ সহযোগীসহ হত্যা মামলার আসামি অনি আটক ফেনসিডিল উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হত্যাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রাকিব হাসান ওরফে অনিকে ২ সহযোগীসহ গত বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো, শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে রাকিব হোসেন ওরফে অনি (২০), রুস্তম আলীর ছেলে সামি আহমেদ শিপন (২০) ও আলমগীর হোসেনের ছেলে দিপু রাজ (২৩)।
পুুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে একটি নম্বরবিহীন অ্যাপাচি ব্র্যান্ডে মোটরসাইকেলসহ আটক করেন। পরে তল্লাশি চালিয়ে অনির কাছ থেকে ১২ বোতল, শিপনের কাছ থেকে ৫ বোতল ও দিপু রাজের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আটক অনি একজন চিহ্নিত সন্ত্রাসী। শংকরপুর ছোটনের মোড় এলাকার টুনি শাওন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সে। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।