যশোরে সড়ক দুর্ঘটনায় কিশোর হেলপার নিহত

0

স্টাফ রিপোর্টার॥ বুধবার ভোরে যশোর- মনিরামপুর সড়কের সতীঘাটায় একটি পিকআপ উল্টে জুনায়েদ হোসেন (১৭) নামে এক হেলপার নিহত হয়েছে। খুলনা থেকে যশোর শহরে ফল নিতে আসার পথে চালক পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ঢাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করেছে। চালক পলাতক রয়েছেন।
নিহত কিশোর জুনায়েদ হোসেন খুলনা রুপসা থানার এলাহিপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
নিহতের মা আফরোজা বেগম জানিয়েছেন, একই গ্রামের চালক আলাউদ্দিন আলীর সাথে থেকে তার ছেলে জুনায়েদ হোসেন পিকআপের হেলপারের কাজ করতো। মঙ্গলবার রাতে পিকআপে তারা যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় ফল নিতে আসছিল। ফল নিতে আসার পথে যশোর- মনিরামপুর সড়কের সতীঘাটায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা দেন। এতে পিকআপটি উল্টে যায়। তখন হেলপার জুনায়েদ হোসেন গুরুতর আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান জুনায়েদ হোসেনকে মৃত ঘোষণা করেন। চালক আলাউদ্দিন আলীও এ ঘটনায় আহত হন। কিন্তু তিনি ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পালিয়ে যান। তার বাড়ি এলাহিপুর গ্রামে।
যশোর কোতোয়ালি থানার এস আই মুন্সি পারভেজ হাসান জানিয়েছেন, চালক পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এতে জুনায়েদ হোসেন নিহত হয়। এতে চালক আলাউদ্দিন আলী আহত হলেও তিনি পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত পিকআপটি পুলিশ জব্দ করেছে।