যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে মোট ২০ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অসুস্থ, অসচ্ছল ও মৃতজনিত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।

বুধবার বেলা ১১টায় যশোর কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

যশোরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নানা ধরনের প্রতিকূলতা ও আর্থিক সংকটে পড়েন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ ধরনের সহায়তা সংকটাপন্ন সাংবাদিক ও তাঁদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ৭০ জন সাংবাদিকের হাতে মোট ২০ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

এ সময় জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাইদুর রহমানসহ জেলা প্রশাসন, তথ্য অফিস এবং সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।