যশোরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকালে যশোর প্রেসক্লাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের মোট ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও আধুনিক ও নির্ভুল সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন। এ সময় তিনি যশোরকে সম্পূর্ণ মাদক মুক্ত করার ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও নিরেট (নিষ্ঠুর) সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, সমাজে ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। দায়িত্বশীল সাংবাদিকতা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের নতুন প্রযুক্তি সম্পর্কে দক্ষ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা হাতে-কলমে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করবেন। উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, বাংলাদেশ এডিটরস কাউন্সিলের সদস্য ও বিসিবির পরিচালক সান্তনু ইসলাম সুমিত এবং পিআইবির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।