যশোরে লাভলু হত্যার চার আসামির রিমান্ডের আবেদন, আটক হয়নি সন্ত্রাসী খোঁড়া কামরুল

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আফিল পোল্ট্রি ফার্মের ডিম ডেলিভারিম্যান লাভলু হোসেন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আত্মসমর্পণ করা ৪ আসামির আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে ডিবি পুলিশ। আত্মসমর্পণ করা এই ৪ জনের মধ্যে একজন প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী কামরুজ্জামান ওরফে খোঁড়া কামরুলের স্ত্রী রয়েছেন। তবে চিহ্নিত সন্ত্রাসী খোঁড়া কামরুলকে আজও পর্যন্ত আটক করতে পারেনি ডিবি পুলিশ। তাকে আটক করতে পারলে ছিনতাই করা প্রায় ৭ কেজি স্বর্ণের বার উদ্ধার বা এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, লাভলু হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামি গত ২৫ জুলাই আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে ওই ৪ আসামি কারাগারে আটক রয়েছেন। বিষয়টি জানতে পেরে গত ২৭ জুলাই তিনি আদালতে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন। তবে আদালতে তার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য হয়নি।
৪ আসমি হলেন-খোলাডাঙ্গা দক্ষিণপাড়ার সন্ত্রাসী কামরুজ্জামান ওরফে খোঁড়া কামরুলের স্ত্রী মেহেরুন খাতুন, বোন শারমিন খাতুন, ভগ্নিপতি রফিকুল ইসলাম ও খোলাডাঙ্গা উত্তরপাড়ার মৃত মালেক হাওলাদারের ছেলে কবির হাওলাদার ওরফে স্বর্ণকার কবির।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, লাভলু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি খোলাডাঙ্গার সন্ত্রাসী খোঁড়া কামরুল, তার স্ত্রী মেহেরুন খাতুন, বোন শারমিন খাতুন, ভগ্নিপতি রফিকুল ইসলাম ও একই এলাকার স্বর্ণকার কবির হাওলাদার উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। কিন্তু তারা অন্তর্বর্তীকালীন জামিনে থাকাকালীন নিজ এলাকায় ফিরে যাননি। এরই মধ্যে সন্ত্রাসী খোঁড়া কামরুল ছাড়া অন্যরা গত ২৫ জুলাই যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় লোকজন জানান, ছিনতাই করা যে ৭ কেজি স্বর্ণের ভাগবাটোয়ারা নিয়ে লাভলু খুন হয়েছেন সেই স্বর্ণের হদিস মেলাতে পারেনি ডিবি পুলিশ। তবে সন্ত্রাসী খোঁড়া কামরুল আটক হলে তার কাছ থেকে স্বর্ণের ব্যাপারে তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি সন্ত্রাসী খোঁড়া কামরুলের স্ত্রী মেহেরুন খাতুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে ওই স্বর্ণের ব্যাপারে তথ্য মিলতে পারে।
উল্লেখ্য, ছিনতাই করা স্বর্ণের টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গত ৯ জুন রাতে খোলাডাঙ্গায় সন্ত্রাসী খোঁড়া কামরুল গংয়ের হাতে খুন হন লাভলু হোসেন। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল মান্নান ৬ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা করেন।