যশোরে মহাসড়কে বনবিড়ালের সঙ্গে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

0
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যশোর সদরের রাজাপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মহব্বত হোসেন (২৮)-এর ফাইল ছবি।

যশোরের বাঘারপাড়া উপজেলায় চলন্ত মোটরসাইকেলের সাথে একটি বনবিড়ালের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মহব্বত হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

একই দুর্ঘটনায় অন্য একটি অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই বন্য বনবিড়ালটিরও মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহব্বত হোসেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মন্ডলের ছেলে। তিনি খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে ফার্নিচারের (আসবাবপত্র) ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে এক সহকর্মীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মহব্বত।

পথিমধ্যে মোটরসাইকেলটি বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় পৌঁছালে একটি বনবিড়াল হঠাৎ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটির সাথে বনবিড়ালটির সজোরে ধাক্কা লাগে এবং চালক মহব্বত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে প্রচণ্ড ধাক্কা খান।

খবর পেয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নাম্বারের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় মহব্বতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মহব্বতের ফুসফুস ফেটে গিয়েছিল বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আঘাতে তাঁর নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

যশোর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর নামক স্থানে পৌঁছালে মহব্বত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে ফার্নিচার তৈরির সরঞ্জামসহ ব্যাগ এবং মৃত বনবিড়ালটির দেহ উদ্ধার করা হয়েছে।