যশোরে ব্যাংক থেকে শূন্যহাতে ফিরছেন গ্রাহক,চেকে মিলছে না টাকা

0

আকরামুজ্জামান ॥ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি শরিয়াভিত্তিক ব্যাংকে চেক দিয়েও টাকা না পেয়ে শূন্যহাতে ফিরছেন গ্রাহকরা। লাখ লাখ টাকার চেক নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পাচ্ছেন হাজার টাকা। বুথ বন্ধ থাকায় ব্যাংকের শাখায় যেয়ে অপেক্ষা ছাড়া আর কোন উপায় পাচ্ছেন না গ্রাহকরা। যশোর শহরের বিভিন্ন ব্যাংকের শাখায় যেয়ে এ চিত্র দেখা গেছে। তারল্য সংকটের কারণে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত হওয়ার পর গত দুই মাস ধরে এ সংকট চলে আসছে বলে জানিয়েছেন শাখার কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানাগোছে, অ্যাপ ও অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং সীমিত করে রাখা এসব ব্যাংকে লেনদেন করতে না পেরে কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও গ্রাহকরা কোনো সমাধান পাচ্ছেন না। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এফএসআইবিতে টাকা তুলতে গেলে গ্রাহকদের বলা হচ্ছে, যার যে শাখায় অ্যাকাউন্ট, তাকে সেই শাখায় গিয়ে টাকা তুলতে হবে। তবে দুর্বল ব্যাংকের তালিকায় থাকা অন্য ব্যাংকগুলো সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারলেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সংকট মারাত্মক।
বুধবার দুপুরে শহরের নেতাজী শুভাষ চন্দ্র রোডের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে দেখা যায় ক্লান্ত-অবসন্ন অবস্থায় বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকের ভেতরে সোফায় পাশাপাশি বসে আছেন। এদের মধ্যে মো. মুকুল হোসেন এক ব্যক্তি বৃদ্ধা মাকে নিয়ে ক্যাশ ব্যাংকের কাউন্টারের বসে ছিলেন। মাত্র পাঁচ হাজার টাকা তুলতে চান তিনি। কিন্তু কাউন্টার থেকে জানানো হয়েছে, বেলা আড়াইটার আগে টাকা দিতে পারবেন না। মুকুল হোসেনের মতো আরো অনেক গ্রাহক ব্যাংকে আসছেন টাকা তুলতে। কিন্তু তাদের বেশিরভাগকেই খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে কয়টি বাণিজ্যিক ব্যাংককে ‘দুর্বল’ ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। নগদ টাকার অভাবে এই ব্যাংকটি বুধবার দুপুর পর্যন্ত এটিএম বুথও খুলতে পারেনি।
বুধবার বেলা ১২টার দিকে ব্যাংকটির যশোর শাখায় গিয়ে অল্প কয়েকজন গ্রাহককে পাওয়া যায়। তারা প্রায় সবাই টাকা তুলতে এসেছেন। কেউ ক্যাশ কাউন্টারের সামনে আবার কেউ ব্যবস্থাপকের কক্ষে অপেক্ষা করছেন। ব্যাংক ম্যানেজার বাইরে গেছেন টাকা সংগ্রহ করতে বলে জানান অন্যান্য কর্মকর্তারা।
মঞ্জুরুল হক নামে একজন গ্রাহক তিনি শিল্পশহর নওয়াপাড়ার একজন ব্যবসায়ী। এই গ্রাহক প্রায় ২৮ কিলোমিটার দূর থেকে সকাল সাড়ে ১০টায় ব্যাংকে এসেছেন। তিনি নিজ নামে একটি ডিপিএস খুলেছিলেন। সেটি ম্যাচিউর হয়েছে। মোট ছয় লাখ টাকার মধ্যে মাত্র ২০ হাজার টাকা তুলতে পেরেছেন বলে জানান। বুধবার ব্যাংকে এসে বসে আছেন হাজার পঞ্চাশেক টাকা তোলার জন্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের অনুমোদন কখন পাবেন সেই আশায় ম্যানেজারের রুমে বসে ছিলেন তিনি।
আরেক গ্রাহক ডালিম সরদার বলেন, মাসিক ভিত্তিতে সামান্য টাকা ব্যাংকে ডিপোজিট করেছিলাম। ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর আকাক্সক্ষায়। এখন ছয় লাখ টাকা জমলেও তিনি তা হাতে না পাওয়ায় ব্যবহার করতে পারছেন না।
ফোনে যোগাযোগ করা হলে ব্যাংকটির যশোর শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মো. মাহফুজুল ইসলাম নগদ টাকা সংকটের কথা স্বীকার করেন। তবে সংকট ধীরে ধীরে কাটছে এবং দ্রুতই গ্রাহকরা পূর্ণমাত্রায় ব্যাংকিং করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করলেন।
ব্যবস্থাপক মাহফুজ বলেন, ছাত্র-জনতার গণঅভূত্থানের পর ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। এরপর থেকে প্রতিদিন প্রায় পাঁচ শত চেক জমা পড়ছে। গ্রাকরা অনেকটা হতাশ হয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিতে মরিয়া হয়ে পড়েছে। যেকারনে এসব চেকের বিষয়টি নিষ্পত্তি করা কঠিন হয়ে উঠেছে। তবে পরিস্থিতি সামাল দিতে গ্রাহকদের হাতে-পায়ে ধরে আমানত আনছি। ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
ব্যাংক ম্যানেজার জানান, এখন নগদ উত্তোলনের লিমিটও বাড়ছে। প্রতিদিন তার শাখায় প্রায় কোটি টাকা লেন-দেন হচ্ছে। সামনে হজের চূড়ান্ত রেজিস্ট্রেশন। সেই সময় নগদ টাকার প্রবাহ আরো বাড়বে বলে আশাবাদী তিনি।
দুপুরে ব্যাংকটির শাখা ব্যবস্থাপকের কক্ষে বসে ছিলেন যশোর জেলা বিএনপির সিনিয়র নেতা ও যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মুহম্মদ ইসহক। কারণ জানতে চাইলে তিনি বলেন, হজে যাওয়ার জন্য চূড়ান্ত নিবন্ধন ফিস জমা দেবেন। তিন লাখ টাকা উঠাতে হবে। কিন্তু ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা দিতে পারছে না। বাধ্য হয়ে ব্যবস্থাপকের কক্ষে তার জন্য অপেক্ষা করছেন।
অ্যাডভোকেট ইসহকের সঙ্গে ছিলেন হাতিম ট্রাভেলসের প্রতিনিধি আবদুল কুদ্দুস। তিনি ধর্ম মন্ত্রণালয়ের ৯ অক্টোবর জারি করা সার্কুলার দেখিয়ে বলেন, ২৩ তারিখের মধ্যে হজ গমনেচ্ছুদের চূড়ান্ত নিবন্ধনের তিন লাখ টাকা করে জমা দিতে পারলে সৌদি আরবে ভালো তাঁবু মিলবে। ব্যাংক টাকা দিতে না পারলে হজ করতে ইচ্ছুক গ্রাহকরা বিপদে পড়বেন।
ব্যবস্থাপক মাহফুজুল অবশ্য বলছেন, ২৩ অক্টোবরের পরেও টাকা জমা দেওয়া যাবে। তখন গ্রাহকদের জমার হার বাড়বে। ফলে সংকট কাটাতে এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবারের মধ্যে এটিএম বুথগুলো সচল করা হবে বলেও তিনি আশ^স্ত করেন।