যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

0

স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে শহরের গুরুদাস বাবু লেনে জনস্বাস্থ্য অধিদপ্তর যশোর চত্বরে নানা রঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
এ সময় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান ও জনস্বাস্থ্য অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘আপনার নাগালেই পরিছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভায় বিপুল লোকসমাগম ও গণমাধ্যম কর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো।
জনস্বাস্থ্য অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজের সভাপতিত্বে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যার মোট ২৫.২ শতাংশ মানুষ সাবান দিয়ে হাত ধৌত করেন না এবং চারকোটি ১৬ লাখ ২০ হাজার মানুষ এখনো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন নি। তাই জীবাণুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধুমাত্র শহরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করলেই হবে না। এই ধরনের আয়োজন গ্রামাঞ্চলে হওয়া জরুরি। তাহলেই শতভাগ মানুষের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা গড়ে তোলা সম্ভব হবে।