যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। যশোর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপন কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তারুণ্যের বাংলাদেশ প্রত্যয় নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘আজকাল তরুণরা মনে করে সন্তানের বাবা-মা হওয়ার জন্য অর্থনৈতিক নিশ্চয়তা, স্থায়ী কোনো কর্মসংস্থান এবং পারিবারিক আবেগিক বিষয়গুলো বোঝা ও দক্ষতার সাথে তার ব্যবস্থাপনার নিশ্চয়তা থাকা প্রয়োজন। সেই সাথে সন্তান ধারণ ও পরিচর্যা সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে জেন্ডার সমতা থাকা আবশ্যক।’

তিনি আরও বলেন, ‘তরুণ সমাজ ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। তবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, অসমতা ও বিভিন্ন সামাজিক দ্বন্দ্বের মতো বিষয়েও উদ্বিগ্ন। ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নত বিনিয়োগ তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষাকে বেশি মূল্যায়ন করতে সক্ষম।

উদ্ভাবনী ও স্থিতিশীলতামূলক সমাজ ব্যবস্থা এ প্রক্রিয়াকে সংস্কার করতে পারে। সার্বিক ও বহুমুখী নীতি সামাজিক, অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক অবস্থানকে নির্ধারণ ও যুগোপযোগী করে। এতে তরুণরা শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। সঠিক নীতি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ তরুণদের কাঙ্ক্ষিত পরিবার গঠনে ও উন্নত জীবন যাপনে উপযুক্ত সহায়তা প্রদান করতে পারে।” বক্তব্য প্রদানকালে তিনি তরুণদের প্রতি বিশেষ প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিনের আলোচনা সভায় মায়েদের মাত্রাতিরিক্ত সিজারিয়ান (অস্ত্রোপচার) প্রসব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনা পর্ব শেষে ইউনিয়ন ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাবিহা কবীর এবং সহকারী পরিচালক (সিসি) চন্দ্রশেখর কুন্ডু।