যশোরে বাকপ্রতিবন্ধীর ভ্যান উদ্ধার, আটক ১

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের বাকপ্রতিবন্ধী আব্দুল লতিফের ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে ডিবি পুলিশ। গত রোববার সন্ধ্যায় অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে ভ্যান উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
আটক চক্রের সদস্যের নাম মিরাজ বিশ্বাস (৪০)। তিনি নড়াইলের জুড়লিয়া গ্রামের মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, গত ৩০ মে বেলা ১১টার দিকে বাকপ্রতিবন্ধী আব্দুল লতিফ জীবিকা নির্বাহের জন্য তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালবাড়ির ভাষ্কর্যের মোড় এলাকায় যান। এ সময় অজ্ঞাতনামা ৩ জন মোটরসাইকেল আরোহী মালামাল নেওয়ার জন্য ভ্যানটি ভাড়া করেন। এর মধ্যে একজন আব্দুল লতিফকে সাথে নিয়ে একটি দোকানে যান। কিছু সময় পর আব্দুল লতিফকে ভ্যানের কাছে যেতে বলা হয়। কিন্তু তিনি ফিরে এসে দেখেন, ভ্যানটি সেখানে নেই। অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিও সেখানে নেই। এরপর ওই দোকানে গিয়ে দেখেন দুই সহযোগী ব্যক্তিও সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও ভ্যানের সন্ধান না পেয়ে বিকেলে ডিবি পুলিশ কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন আব্দুল লতিফের স্ত্রী রিনা বেগম।
পরবর্তীতে গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে কুখ্যাত চোরচক্রের সদস্য মিরাজ বিশ্বাসকে ১টি চোরাই ভ্যানসহ আটক করা হয়। এ খবর পেয়ে ডিবি কার্যালয়ে এসে ভ্যানটি তার বলে আব্দুল লতিফ শনাক্ত করেন। পরে জিজ্ঞাসাবাদে আটক মিরাজ বিশ্বাস ভ্যান প্রতারণা করে নেওয়ার সাথে জড়িত তার দুই সঙ্গীর নাম প্রকাশ করেন। এরা হলেন, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর আমদুলিয়া গ্রামের মঙ্গল আলী ওরফে মকবুলের ছেলে বাদশা মিয়া ও নরেন্দ্রপুর পুরাতন পাড়ার আব্দুল মালেক সরদারের ছেলে রাসেল সরদার। এ ঘটনায় সোমবার আটক ও পলাতকদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন আব্দুল লতিফের স্ত্রী রিনা বেগম।